রোববারেও জানা গেলো না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের নাম। যদিও দুই দিন আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছিলেন, কোচ কে হচ্ছেন কোচ তা চূড়ান্ত হবে রোববার।
প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে তাবিথ আউয়াল জানালেন, ১৫ মে'র মধ্যে জানানো হবে হামজা-শমিতদের হেড কোচের নাম।
প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে একাধিক হাইপ্রোফাইল কোচ আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। ৫৫ বছর বয়সী কোলম্যান খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন। কোচিং ক্যারিয়ারে তিনি রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহামের মতো ক্লাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সবচেয়ে বড় অর্জন ২০১৬ ইউরোতে ওয়েলসকে ৫৮ বছর পর প্রথমবারের মতো টুর্নামেন্টে নিয়ে যাওয়া এবং সেমিফাইনালে পৌঁছে দেওয়া। এই কোচের অধীনে ওয়েলস ফিফা র্যাঙ্কিংয়ে ১১৭ থেকে ৮ নম্বরেও উঠে আসে।
পাশাপাশি আলোচনায় আছেন জার্মান কোচ বার্নড স্টর্ক। ৬৩ বছর বয়সী এই কোচ বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন এবং কোচিং স্টাফেও ছিলেন। তিনি হাঙ্গেরি ও কাজাখস্তানের জাতীয় দলের দায়িত্বেও ছিলেন।
এছাড়া ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণ জেতানো কোচ রোজেরিও মিকেলের নামও তালিকায় ছিল। যদিও শেষ পর্যন্ত তিনি নিজেই সরে দাঁড়ান। বর্তমানে তিনি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের লন্ড্রিনা এসপোর্ত ক্লাবে দায়িত্বে আছেন। তালিকায় একজন পর্তুগিজ কোচও রয়েছেন।
এখন পর্যন্ত ক্রিস কোলম্যানই সবচেয়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। বাফুফে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সভাপতির ঘোষণা অনুযায়ী ১৫ মেতেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আশা করি এভাবেই আমাদের সাথে থাকবেন। সকল খবর আপনাদের মাঝে পৌঁছে দিতে যে GSN Sports সাথেই আছে।