টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা জিতল পিএসজি

ফরাসি লিগ আ’তে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল টেবিলের শীর্ষ দুই দল পিএসজি ও লেন্স। শিরোপা জিততে পিএসজির জন্য ড্র-ই যথেষ্ট ছিল। তবে জয় দিয়ে উদযাপন করেছে প্যারিসের ক্লাবটি। ঘরের মাঠে বুধবার রাতে লেন্সের বিপক্ষে পিএসজির জয় ২-০ গোল ব্যবধানে। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টানা পঞ্চম বারের মতো ফরাসি লিগ আ শিরোপা জিতল প্যারিসিয়ানরা।
পার্ক দে প্রাসে ম্যাচের ২৯ মিনিটে উসমান দেম্বেলের পাস থেকে পিএসজিকে লিড এনে দেন জর্জিয়ান উইঙ্গার খভিচা কভারাতসখেলিয়া। সমতায় ফিরতে লেন্স মরিয়া হয়ে লড়লেও বাধা হয়ে দাঁড়ান পিএসজি কিপার মাতভেই সাফোনোভ। লেন্সের ওয়েসলি সাঈদ এবং আবদুল্লাহ সিমার নিশ্চিত কয়েকটি সুযোগ রুখে দেন। ম্যাচের ইনজুরি টাইমে ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে লক্ষ্যভেদ করলে উদযাপনে মাতে স্বাগতিকরা। দেজিরে দুয়ের পাস থেকে জোরালো শটে লেন্সের কফিনে শেষ পেরেকটি ঠোকেন এই তরুণ তুর্কি।

মন্তব্যসমূহ