বাংলাদেশের দাপুটে সেশনের নায়ক তাসকিন-মিরাজ

প্রথম দিনের খেলা শেষে লিটন কুমার দাস বলেছিলেন, ২৭৮ রানের পুঁজিতে লিড নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। সেই লক্ষ্যে নতুন দিনের প্রথম সেশনে দলকে অনেকটাই এগিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান। বাংলাদেশের চেয়ে এখনও ১৮২ রানে পিছিয়ে সফরকারীরা। ৬ ওভারে বিনা উইকেটে ২১ রানে দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। প্রথম সেশনের ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৫ রানের বেশি করতে পারেনি শান মাসুদের দল।
দিনের দ্বিতীয় ওভারে চমৎকার ডেলিভারিতে আবদুল্লাহ ফজলকে (৯) কট বিহাইন্ড করেন তাসকিন। নিজের পরের ওভারে আরেক ওপেনার আজান আওয়াইসকেও (১৩) ফেরান অভিজ্ঞ পেসার। বল তার ব্যাটে লেগে প্যাড ছুঁয়ে চলে যায় শর্ট স্কয়ার লেগে থাকা মুমিনুল হকের হাতে। ১০ ওভারে ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর পর পাল্টা আক্রমণের চেষ্টা করেন বাবর আজম ও শান মাসুদ। ইতিবাচক ব্যাটিংয়ে দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন তোলেন ৩৮ বলে ৩৮ রানের জুটি। তবে এই জুটিকে বেশি বড় হতে দেননি মিরাজ। এতে অবশ্য মাসুদের দায়ই বেশি। অফ স্টাম্পের বাইরে নিরীহ এক ডেলিভারিতে কাভারে ক্যাচ দিয়ে বসেন ২৬ বলে ২১ রান করা পাকিস্তান অধিনায়ক। মাসুদের আগে ফিরতে পারতেন বাবরও। শরিফুল ইসলামের চমৎকার ডেলিভারি তার ব্যাটের কানা ছুঁয়ে অল্পের জন্য লিটনের হাতের ওপর দিয়ে চলে যায়। এছাড়া বেশ কয়েকবার ব্যাটের কানায় লাগলেও বল ফিল্ডারের হাতে যায়নি।

মন্তব্যসমূহ