ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মডরিচ। ৪০ বছর বয়সী এসি মিলানের এই প্লেমেকার অবশ্য পুরোপুরি সুস্থ নয়। এপ্রিলের শেষের দিকে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পান। সেজন্য তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়েছে। তবে কোচ জ্লাতকো দালিচ ২৬ সদস্যের দলে রেখেছেন ২০১৮ সালের ব্যালন ডি'অর জয়ীকে।
কোচ দালিচ বলেন,
‘সে (মডরিচ) মুখে একটি মাস্ক পরে অনুশীলন করছে এবং ভালো করছে। সম্ভবত বিশ্বকাপের আগের বিরতিতে সে পুরোপুরি ঠিক হয়ে যাবে। আমরা তাঁর অবস্থা দেখব, তবে তাঁকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সে ভালো ফর্মে থাকবে।’
সাবেক রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম তারকা মডরিচ ২০১৮ সালে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ফাইনাল এবং ২০২২ সালে সেমি-ফাইনালে ওঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এটি হতে যাচ্ছে তাঁর পঞ্চম বিশ্বকাপ।
গত জানুয়ারি মাসে পা ভেঙে যাওয়া সত্ত্বেও ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জোকো গাভার্দিওলকেও ক্রোয়েশিয়া দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দালিচ জানান, ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে প্রস্তুতি ম্যাচগুলোতে সুযোগ দেওয়া হবে যাতে তিনি আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য নিজের ফর্ম ফিরে পান। ক্রোয়েশিয়া কোচ বলেন,
‘আমরা আশা করি সে খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সে আমাদের জন্য বড় একটি শক্তি হবে।’
গাভার্দিওলের সিটি সতীর্থ মাতেও কোভাচিচ ছাড়াও ইংল্যান্ডে খেলা আরও দুজন ফুটবলার চূড়ান্ত স্কোয়াডে আছেন। যাদের একজন হাল সিটির গোলকিপার ইভোর পান্দুর। এ ছাড়া এভারটন ও ওয়েস্ট হ্যামের সাবেক মিডফিল্ডার নিকোলা ভ্লাসিচ এবং স্পার্সের সাবেক উইঙ্গার ইভান পেরিসিচ উভয়েই দলে জায়গা পেয়েছেন। পেরেসিচ বর্তমানে পিএসভি আইন্দহোভেনে খেলছেন।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আশা করি এভাবেই আমাদের সাথে থাকবেন। সকল খবর আপনাদের মাঝে পৌঁছে দিতে যে GSN Sports সাথেই আছে।