শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট জয়ের প্রত্যাশা আশরাফুলের।

মিরপুর টেস্টে ১৭৯ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রান নিয়ে আগামীকাল পঞ্চম দিনের খেলা শুরু করবেন। সবকিছু বিবেচনায় হয়তো ড্রয়ের পথেই সিরিজের প্রথম টেস্ট। এমন পরিস্থিতিতেও জয়ের আশা করছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছেন, পঞ্চম দিনের প্রথম সেশনের ব্যাটিং ভালো করলে জেতা সম্ভব বাংলাদেশের।
আশরাফুল বলেন, ‘টেস্ট ক্রিকেট যেভাবে খেলতে হয় আমরা সেভাবেই খেলছি। বৃষ্টিটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমি মনে করি, উইকেটে যে সহায়তায় আছে, আমরা যদি কালকে সকালে আরেকটু ভালো ব্যাটিং করে এই ম্যাচ জেতা সম্ভব।’ কাল শেষ দিন মিরপুর টেস্টের। বাংলাদশের লিড এই মুহূর্তে ১৭৯। কত রান করে ইনিংস ঘোষণা করটা নিরাপদ স্বাগতিকদের জন্য? এক সাংবাদিকের এমন প্রশ্নে আশরাফুল বলেন, ‘এখনও আমরা বসিনি কত রান করে ছাড়বো। কিন্তু আমরা জেতার জন্য খেলছি এবং আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমরা যদি যেকোনো ৭০-৭৫ ওভার বোলিং করতে পারি কালকে যদি কোনো বৃষ্টি না হয় ৯০-৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। ৭৫ ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমাদের জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ।’ সিরিজের প্রথম টেস্টে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম— দুই জনই ব্যর্থতার বৃত্তে বন্দি। বিষয়টি কতটা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে? বাংলাদেশ কোচ বলেন, ‘না একদমই চিন্তার বিষয় না। কারণ শেষ টেস্ট সিরিজে যদি দেখেন যে আমাদের তিনটা ইনিংসে ওপেনিং পার্টনারশিপ অসাধারণ ছিল। ১০০ রানের পার্টনারশিপ ছিল। জয়ের তিন ইনিংসে অলমোস্ট ২৬৫ বা ২৩৫ রানের মত করেছিল। সাদমান তিন ইনিংসে অলমোস্ট ১৯০ উর্ধ্ব রান করেছিল। দুইটা ৮০ রানের ইনিংস ছিল। জয়ের ক্যারিয়ার সেরা ১৭১ রানের একটা ইনিংস ছিল। এখানে দুইটা ইনিংস রান হয়নি। কারণ আমরা জানি যে আমরা টসটা হেরে ব্যাটিং করেছি। অতটা সহজ ছিল না। নতুন বলটা সারভাইভ করাটা। দুইটা ইনিংসেই হয়তোবা আমরা যেভাবে আশা করেছি সেটা হয়নি। আমি আশা করি, পরবর্তী ম্যাচেই হয়তোবা আমাদের দুই ওপেনার আবার ফর্মে ফিরে আসবেন, ইনশাআল্লাহ।’

মন্তব্যসমূহ