প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ে টাইগারদেরকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে ১০৪ রানের জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৬’- এ অংশ নিতে বর্তমানে তুরস্কের কোনিয়াতে অবস্থান করছেন তিনি। মঙ্গলবার ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের ঐতিহাসিক অর্জনের পরই নাজমুল হোসেন শান্তদের অভিনন্দন জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। অভিনন্দন বার্তায় আমিনুল হক বলেন, ‘মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে এই জয় আমাদের ক্রিকেটের ইতিহাসে এক নতুন মাইলফলক। বিশেষ করে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের এই গৌরবময় অর্জন খেলোয়াড়দের অদম্য মনোবল ও কঠোর পরিশ্রমের ফসল।’
অভিনন্দন বার্তায় বিশেষ করে তরুণ ফাস্ট বোলার নাহিদ রানার নাম উল্লেখ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়া বাংলাদেশি পেসার দ্বিতীয় ইনিংসে নেন আরও পাঁচটি। মূলত তার আগুনে বোলিংয়ে পথ হারায় অতিথিরা। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘নাহিদ রানার পাঁচ উইকেটসহ বোলারদের ম্যাজিকাল পারফরম্যান্স এবং পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা আমাদের গর্বিত করেছে।’ বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং দেশের ক্রিকেটের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানান।

মন্তব্যসমূহ