২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শুরু হয়েছে নানা রকমের বিশ্লেষণ। তিনটি দেশজুড়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল, যেখানে রয়েছে পরাশক্তি থেকে শুরু করে নতুন ইতিহাস গড়তে আসা আন্ডারডগরা। কেউ আসছে শিরোপার স্বপ্ন নিয়ে, কেউবা শুধু প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করতে। তারকাখচিত এই টুর্নামেন্টে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে নতুন প্রজন্মের অনেক মুখ লড়াইয়ে নামবে। শক্তি, কৌশল আর ভাগ্যের এই মহারণে কাদের অবস্থান কেমন, তারই একটি বিশ্লেষণ করেছে।
১. ফ্রান্স: বর্তমান সময়ের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসেবে ফ্রান্স শিরোপার প্রধান দাবিদার। কিলিয়ান এমবাপ্পের গতি, ফিনিশিং ও বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা তাদের আক্রমণভাগকে ভয়ংকর করে তুলেছে। মিডফিল্ডে নিয়ন্ত্রণ ও রক্ষণে গভীরতা; সব মিলিয়ে দলটি প্রায় নিখুঁত। কোচ দিদিয়ের দেশমের অভিজ্ঞতা বড় টুর্নামেন্টে বাড়তি সুবিধা দেয়। গ্রুপ আই-তে তাদের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক ও নরওয়ে। কাগজে-কলমে সহজ মনে হলেও নরওয়ে ও সেনেগাল ম্যাচ দুটিই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে।
২. স্পেন: তিকি-তাকা দর্শনকে আধুনিক রূপ দিয়ে স্পেন আবারও বিশ্বফুটবলের শীর্ষে। পেদ্রির সৃজনশীলতা, দ্রুত পাসিং এবং বল দখলে আধিপত্য তাদের বড় শক্তি। ইউরো জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে। গ্রুপ এইচ-এ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের মুখোমুখি হবে; যেখানে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি গ্রুপের সেরা লড়াই হতে পারে।
৩. ইংল্যান্ড: দীর্ঘদিন পর সবচেয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে এসেছে ইংল্যান্ড। জুড বেলিংহাম, হ্যারি কেইন ও ডেকলান রাইসের নেতৃত্বে আক্রমণ ও মিডফিল্ড দুই বিভাগই শক্তিশালী। যদিও বড় প্রশ্ন- তারা চাপ সামলাতে পারবে কি না। গ্রুপ এল-এ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামার বিপক্ষে খেলবে তারা।
৪. কলম্বিয়া: যুক্তরাষ্ট্রের আবহাওয়া দক্ষিণ আমেরিকার দল হিসেবে কলম্বিয়ার পক্ষে যেতে পারে। হামেস রদ্রিগেজের অভিজ্ঞতা এবং লুইস দিয়াজের গতি দলটিকে বিপজ্জনক করে তুলেছে। গ্রুপ কে-তে উজবেকিস্তান, কঙ্গো ডিআর ও পর্তুগালের সঙ্গে লড়বে তারা। যেখানে পর্তুগাল ম্যাচটি হতে পারে গ্রুপের চ্যাম্পিয়ন নির্ধারণী।
৫. আর্জেন্টিনা: বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা সবসময়ই হুমকি। লিওনেল মেসির নেতৃত্বে দলটি অভিজ্ঞ ও সংগঠিত। তবে ব্যাক-টু-ব্যাক শিরোপা জেতা কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ জে-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে খেলবে তারা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আশা করি এভাবেই আমাদের সাথে থাকবেন। সকল খবর আপনাদের মাঝে পৌঁছে দিতে যে GSN Sports সাথেই আছে।