বিশ্বকাপের আগে মেসির সঙ্গে ‘বিশেষ’ অনুশীলনের কথা ফাঁস করলেন ডি পল

লিওনেল মেসির ‘বডিগার্ড’ নামে পরিচিত ডি পল যে মাঠ কিংবা মাঠের বাইরে আর্জেন্টাইন মহাতারকার ছায়াসঙ্গী, সেটা সবারই জানা। মেসির সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের বিষয়টিও ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ আলোচিত। আর্জেন্টিনার ‘ছোট ইঞ্জিন’ নামেও পরিচিত ডি পল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রায় সব সাফল্যেরই অংশীদার। জাতীয় দল থেকে ক্লাব ফুটবল সবক্ষেত্রেই তাঁদের রসায়নটা একদম চোখধাঁধানো। ২০২৬ বিশ্বকাপের আগে আরও একবার এই জুটির ভেলকি দেখার অপেক্ষায় আলবিসেলেস্তা সমর্থকরা। আর এরজন্যে নাকি অনেক আগেই মহাপ্রস্তুতিও শুরু করে দিয়েছেন ডি পল। বিশ্বকাপকে সামনে রেখে মেসির সঙ্গে মিলে সম্পূর্ণ ভিন্ন এক ‘স্পেশাল’ প্রস্তুতি নিচ্ছেন ডি পল। যেখানে রয়েছে কঠোর ‘ডাবল সেশন’ অনুশীলন, এমনকি পুরো প্রক্রিয়াটি নিয়ে একটি ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র বানানোর দারুণ এক আইডিয়াও নাকি আছে!
লো দেল পোলো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ডি পল বলেন, ‘আমরা মূলত সেই লক্ষ্যেই নিজেদের প্রস্তুত করছি। ক্লাবের নিয়মিত অনুশীলনের বাইরেও গত দুই-তিন মাস ধরে আমাদের প্রতিদিনের একটা আলাদা ট্রেনিং প্ল্যান রয়েছে। নিজেদের সেরা শারীরিক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমরা হাড়ভাঙা খাটুনি খাটছি। আমাদের নিজস্ব কোচের অধীনে আমরা ডাবল সেশনে প্র্যাকটিস করছি। সত্যি বলতে, আমরা নিজেদের সামর্থ্যের শেষবিন্দু দিয়ে পুশ করছি।’ আর্জেন্টাইন মাঝমাঠের এই ‘মোটরসিটো’ আরও জানান, পুরো জার্নিটা ক্যামেরাবন্দি করে রাখার তীব্র ইচ্ছা আছে তাঁর, যদিও মেসির এই আইডিয়াটা খুব একটা পছন্দ নয়। হাসতে হাসতে ডি পল সেই মজার গল্প শুনিয়ে বলেন, ‘আমি তো সিনেমাটোগ্রাফির ছোঁয়া দিতে চেয়েছিলাম... ইচ্ছা ছিল সবকিছুর শুটিং করে রাখি। কিন্তু ও (মেসি) একটু দ্বিধায় ছিল... “না ভাই, বাদ দাও, কীসব শুটিং করবে?”... তখন আমি বললাম, যদি সত্যি সত্যিই এবারও কিছু একটা হয়ে যায় (বিশ্বকাপ জয়)... তবে একটা ছোটখাটো ডকুমেন্টারি বানিয়ে কিন্তু ভালো টাকা কামানো যাবে!’ নিজের ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলার প্রস্তুতি নেওয়া ৩১ বছর বয়সী ডি পল জানান যে বিশ্বকাপকে ভাবনায় না রেখে বেঁচে থাকা অসম্ভব বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, মনের ভেতর এসব চিন্তা তত বেশি উঁকি দিচ্ছে। এর মধ্যে যেমন ভয় আর অনিশ্চয়তা কাজ করছে, তেমনি আছে আনন্দও... এখন কেবল চূড়ান্ত স্কোয়াড ঘোষণার অপেক্ষা। ব্যক্তিগতভাবে আমি ভীষণ রোমাঞ্চিত এবং আশাবাদী। আমার বিশ্বাস, আর্জেন্টিনা দল এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই মাঠে নামবে।’ শিরোপা ধরে রাখার লড়াইয়ে আর্জেন্টিনা দল যে কতটা ক্ষুধার্ত, সেটি পুনর্ব্যক্ত করে ডি পল বলেন, ‘আমি আমার সতীর্থদের চোখে-মুখে সেই আত্মবিশ্বাস আর জেদ দেখতে পাচ্ছি, যা আবারও ইতিহাস গড়তে আমাদের তাগিদ দিচ্ছে। আমরা কোপা আমেরিকা জয়ের পর দ্বিতীয় শিরোটার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, ফিনালিসিমা জয়ের পর স্পেনের বিপক্ষে মাঠে নামার জন্য উন্মুখ হয়ে ছিলাম... নিজেদের উজাড় করে দিতে এই দলটা সবসময় এক পায়ে খাড়া।’ ২০২৬ বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ১১ জুন। মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে নামা আর্জেন্টিনা খেলবে 'জে' গ্রুপে। এই গ্রুপে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তেদের বাকি তিন প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আগামী ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

মন্তব্যসমূহ